বাড়ি থেকেই বিশ্বজয়! ফটোগ্রাফির অস্কার জিতে নিলেন সিঙ্গুরের নবম শ্রেণির বঙ্গকন্যা কৃত্তিকা – এবেলা

এবেলা ডেস্কঃ
লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আয়োজিত ৬২তম ওয়াইল্ডলাইফ ফোটোগ্রাফার অফ দ্য ইয়ার প্রতিযোগিতায় ১১ থেকে ১৪ বছর বিভাগে হাইলি কমেন্ডেড স্বীকৃতি অর্জন করেছে হুগলির সিঙ্গুরের কৃত্তিকা মুখোপাধ্যায়। ১২১টি দেশ থেকে জমা পড়া সাড়ে পঁয়ষট্টি হাজারেরও বেশি ছবির মধ্যে তার তোলা হোম কমফর্টস শিরোনামের ছবিটি স্থান পেয়েছে সেরার তালিকায়। বাবা ও দিদির হাত ধরে ছোটবেলা থেকেই ক্যামেরার সঙ্গে সখ্য গড়ে ওঠে কৃত্তিকার। দূরদূরান্তে না গিয়ে বাড়ির পাশের বাগান থেকেই প্রকৃতির খুঁটিনাটি দেখার মাধ্যমে তৈরি হয় তার এই সাফল্যের পথ।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় কৃত্তিকার এই বিরল কৃতিত্বে গর্বিত তার পরিবার ও গোটা রাজ্য। কৃত্তিকার মতে, চমৎকার কিছু দেখতে হলে সবসময় অনেক দূরে যাওয়ার প্রয়োজন হয় না, কারণ অনেক সময় তা ঘরের বাইরেই অপেক্ষা করে থাকে। দামি সরঞ্জামের চেয়েও মূলত দৃষ্টিভঙ্গি এবং ধৈর্যই আসল। আন্তর্জাতিক স্তরে এমন সম্মান অর্জনের মধ্য দিয়ে কৃত্তিকা প্রমাণ করে দিল যে দেখার চোখ থাকলে প্রকৃতির সাধারণ রূপও কতটা অসাধারণ হয়ে উঠতে পারে।
