বাড়ির সামনে বাইক পার্কিং নিয়ে বচসা! দুর্গাপুরে বিজেপি সমর্থককে রড দিয়ে মারধর তৃণমূল নেতার ছেলেদের – এবেলা

বাড়ির সামনে বাইক পার্কিং নিয়ে বচসা! দুর্গাপুরে বিজেপি সমর্থককে রড দিয়ে মারধর তৃণমূল নেতার ছেলেদের – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গাপুরের নিউটাউনশিপ থানার খয়রাশোল এলাকায় বাড়ির সামনে মোটরবাইক রাখা নিয়ে প্রতিবাদ করায় সচিদানন্দ যাদব নামে এক বিজেপি সমর্থককে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতার দুই ছেলে অনির্বাণ শ্যাম ও অর্ণব শ্যামের বিরুদ্ধে। সচিদানন্দকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত দুজন সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত থাকায় ভুক্তভোগীকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ইতিমধ্যে এই হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সর্বত্র চরম নিন্দার ঝড় উঠেছে।

ঘটনায় আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসিপি ইস্টের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। স্বজনদের অভিযোগ, কেবল বাইক পার্কিং নয়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধের জেরে তাঁদের ওপর মানসিক চাপ ও হয়রানি চালানো হচ্ছিল। পুরনো সেই রাজনৈতিক আক্রোশের জেরেই সিভিক ভলান্টিয়ারে কর্মরত দুই অভিযুক্ত এ দিন নির্মম হামলা চালিয়েছে। যদিও এ বিষয়ে অভিযুক্তদের কোনো মন্তব্য মেলেনি। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *