বিজেপির নতুন কেন্দ্রীয় কমিটিতে বড় চমক! কাদের জায়গা দিলেন নীতীন নবীন? – এবেলা

এবেলা ডেস্কঃ
বিজেপির সর্বভারতীয় স্তরে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটিয়ে সোমবার নতুন পদাধিকারীদের তালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির। তরুণ সভাপতি নীতীন নবীনের নেতৃত্বে গঠিত এই নতুন কমিটিতে জায়গা পেয়েছেন একাধিক হেভিওয়েট ও পরিচিত মুখ। সাম্প্রতিক অতীতে রাজনীতির দৃশ্যপট থেকে খানিকটা দূরে থাকা স্মৃতি ইরানি এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে গুরুত্বপূর্ণ পদে ফিরিয়ে বড় চমক দিয়েছেন সভাপতি। অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের ভারসাম্য বজায় রেখে সাজানো এই কমিটিতে জায়গা পেয়েছেন রাম মাধব এবং অনিল অ্যান্টনিরাও।
এই রদবদলে বিশেষ গুরুত্ব পেয়েছে পশ্চিমবঙ্গ, যেখান থেকে দলের কেন্দ্রীয় সংগঠনে সুযোগ পেয়েছেন দুই মুখ। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন এবং প্রখ্যাত ক্যানসার চিকিৎসক মধুছন্দা কর সর্বভারতীয় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। পাশাপাশি, দীর্ঘ প্রায় এক দশক পর বিজেপির আইটি সেলের প্রধান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অমিত মালব্যকে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ছত্তিশগড়ের দীপক মাস্কে। সামগ্রিকভাবে দলের মিডিয়া ও সাংগঠনিক কাঠামোকে আরও সক্রিয় করতে এই বড় পরিবর্তন আনা হয়েছে।
