বিধি ভেঙে পোস্টাল ব্যালট বাছাইয়ের অভিযোগ! ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের রিটার্নিং অফিসারের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

ভোটগণনার মাত্র কয়েক ঘণ্টা আগে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। এবার স্ট্রংরুমের ভেতরে থাকা রিটার্নিং অফিসারের বিরুদ্ধে সরাসরি নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে পোস্টাল ব্যালট বাছাই বা সর্টিং করা হয়েছে। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে ঘাসফুল শিবির।
কী অভিযোগ তৃণমূলের?
তৃণমূল নেতৃত্বের দাবি, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমে থাকা রিটার্নিং অফিসার নিয়ম ভেঙে পোস্টাল ব্যালটগুলি নাড়াচাড়া করেছেন। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী, গণনার আগে পোস্টাল ব্যালট বাছাই করার ক্ষেত্রে যে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করার কথা, তা যথাযথভাবে মানা হয়নি। এই ঘটনা গণনার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে বলে মনে করছে শাসকদল।
সন্দেহজনক গতিবিধি ও নিরাপত্তার অভাব
প্রসঙ্গত, এর আগেও এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। গত কয়েকদিনে সেখানে ‘সন্দেহজনক গতিবিধি’র অভিযোগ তুলেছিলেন শশী পাঁজা এবং কুণাল ঘোষের মতো হেভিওয়েট নেতারা। সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকা এবং মাঝরাতে স্ট্রংরুমের গেট খোলার অভিযোগকে কেন্দ্র করে সেখানে দীর্ঘক্ষণ উত্তেজনা বজায় ছিল। সেই রেশ কাটতে না কাটতেই রিটার্নিং অফিসারের বিরুদ্ধে এই নতুন নালিশ পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলল।
কমিশনের হস্তক্ষেপের দাবি
তৃণমূলের পক্ষ থেকে কমিশনে জমা দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ৪ মে মহাগণনার ঠিক আগের রাতে এই ধরণের ঘটনা অত্যন্ত উদ্বেগের। কমিশনের উচিত অবিলম্বে এই বিষয়ে কঠোর হস্তক্ষেপ করা এবং ওই রিটার্নিং অফিসারের ভূমিকা খতিয়ে দেখা। গণনার পবিত্রতা রক্ষা করতে এবং রাজনৈতিক দলগুলোর আস্থা বজায় রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে তারা।
এখন দেখার, গণনার এই অন্তিম লগ্নে দাঁড়িয়ে নির্বাচন কমিশন তৃণমূলের এই অভিযোগের ভিত্তিতে রিটার্নিং অফিসারের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয় কি না। সমানে সমানে টক্করের আবহে এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতোর তুঙ্গে।
