বিশ্বকাপের মূল পর্বে ফিরতে মরিয়া ইতালি: প্লে-অফ ফাইনালে ভাগ্য নির্ধারণ মঙ্গলবার – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে ইউরোপীয় অঞ্চলের প্লে-অফ লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। সেমিফাইনালে নর্থ আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রেখেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। আগামী মঙ্গলবার প্লে-অফ ফাইনালে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মুখোমুখি হবে তারা। এই ম্যাচ জিতলেই দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপের মূল মঞ্চে প্রত্যাবর্তন ঘটবে আজুরিদের।
ইতালির পাশাপাশি আরও সাতটি দেশ বিশ্বকাপের মূল পর্বের দৌড়ে টিকে আছে। রোমানিয়াকে হারিয়ে তুরস্ক এবং আয়ারল্যান্ডকে পেনাল্টি শ্যুটআউটে হারিয়ে চেক রিপাবলিক ফাইনালের টিকিট পেয়েছে। এছাড়া ইউক্রেনকে হারিয়ে সুইডেন, আলবেনিয়াকে হারিয়ে পোল্যান্ড এবং পৃথক ম্যাচে জয়ী হয়ে ডেনমার্ক ও কসোভো প্লে-অফ ফাইনালের যোগ্যতা অর্জন করেছে। ইউরোপ থেকে শেষ চারটি দল কারা হবে, তা মঙ্গলবারের লড়াইয়েই স্পষ্ট হয়ে যাবে।
নির্ধারক ম্যাচগুলোতে সুইডেন খেলবে পোল্যান্ডের বিরুদ্ধে এবং ডেনমার্কের প্রতিপক্ষ চেক রিপাবলিক। অন্যদিকে, কসোভোর মুখোমুখি হবে তুরস্ক। ফুটবল বিশ্বে অত্যন্ত সফল দল হওয়া সত্ত্বেও গত দুটি বিশ্বকাপে অনুপস্থিত ছিল ইতালি। এবার বসনিয়াকে হারিয়ে নিজেদের হারানো গৌরব পুনরুদ্ধার এবং বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়াই প্রধান লক্ষ্য চারবারের শিরোপাজয়ীদের। ক্রীড়াপ্রেমীদের নজর এখন মঙ্গলবারের এই হাইভোল্টেজ ম্যাচগুলোর দিকে।

