বেঙ্গালুরুতে সাততলা থেকে যুগলের মরণঝাঁপ! বচসার পরিণতিতে হত তরুণী! – এবেলা

এবেলা ডেস্কঃ
বেঙ্গালুরুর একটি পেইং গেস্ট আবাসন থেকে লিভ-ইন পার্টনারকে সঙ্গে নিয়ে সাততলা থেকে ঝাঁপ দিলেন এক তরুণী। বচসার জেরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বছর তেইশের ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় লজিস্টিক কর্মী ত্রিশ বছর বয়সী যুবকের সঙ্গে পুদুচেরির বাসিন্দা ওই তরুণী বেঙ্গালুরুতে বসবাস করতেন। রবিবার কোনো একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। আর সেই ক্ষোভ ও উত্তেজনার মুহূর্তেই চরম পদক্ষেপ করেন ওই তরুণী।
তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, রাগের বশে তরুণীটি ওই যুবককে জোর করে বারান্দার দিকে টেনে নিয়ে যান এবং পরে দুজনেই নিচে ঝাঁপ দেন। উপর থেকে নিচে পড়ার সময় সৌভাগ্যবশত যুবকটি একটি গাছের ডালে আটকে যাওয়ায় তার প্রাণ রক্ষা পেলেও অবস্থা অত্যন্ত সংকটজনক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রকৃত কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে স্থানীয় পুলিশ আবাসনের প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে এবং পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখছে।
