বেলঘরিয়া স্টেশনে হকার উচ্ছেদে হাই কোর্টের স্থগিতাদেশ, স্বস্তিতে ব্যবসায়ীরা – এবেলা

বেলঘরিয়া স্টেশনে হকার উচ্ছেদে হাই কোর্টের স্থগিতাদেশ, স্বস্তিতে ব্যবসায়ীরা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: বেলঘরিয়া স্টেশনে হকার ও অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। শনিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই উচ্ছেদ অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। দুই পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ১৩ আগস্ট

সূত্রের খবর, যাত্রী নিরাপত্তা, স্টেশনের পরিচ্ছন্নতা এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের গতি বাড়াতে সম্প্রতি রাজ্যজুড়ে রেল স্টেশন চত্বরগুলি অবৈধ দখলমুক্ত করার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। সেইমতো গত ১৪ জুলাই বেলঘরিয়া স্টেশনে উচ্ছেদ সংক্রান্ত একটি নোটিস জারি করা হয়। নির্দেশ দেওয়া হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে রেলের জায়গা খালি না করলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ করা হবে। এই নোটিসের বিরুদ্ধেই হাই কোর্টের দ্বারস্থ হন ব্যবসায়ীরা।

এ দিন আদালতে মামলাটি উঠলে মামলাকারীদের আইনজীবী শামীম আহমেদ জানান যে, ১৪ জুলাই নোটিস জারির পর বেশ কয়েকটি আবেদন জমা পড়েছে। আগামী ১২, ১৩ ও ১৪ আগস্ট একটি কো-অর্ডিনেট বেঞ্চে এই সংক্রান্ত অন্যান্য মামলার শুনানি রয়েছে। অন্যদিকে, রাজ্যের আইনজীবী জানান যে এই মামলায় রাজ্য সরকার সরাসরি কোনও পক্ষ নয়। সব দিক বিবেচনা করে আদালত আপাতত ৩১ আগস্ট পর্যন্ত উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ জারি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *