ব্যাঙ্ক ডাকাতি রুখতে নয়া ব্লুপ্রিন্ট লালবাজারের! শহরের আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তায় বড়সড় রদবদল – এবেলা

ব্যাঙ্ক ডাকাতি রুখতে নয়া ব্লুপ্রিন্ট লালবাজারের! শহরের আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তায় বড়সড় রদবদল – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা নিশ্ছিদ্র করতে কড়া পদক্ষেপ করল লালবাজার। ব্যাঙ্ক ডাকাতি ও জালিয়াতি রুখতে এবার থেকে পাহারার দায়িত্বে সরাসরি ময়দানে নামছে স্থানীয় থানাগুলি। এতদিন এই টহলদারির মূল দায়িত্বে ছিল লালবাজারের গোয়েন্দা বিভাগের ডাকাত দমন শাখা। বৃহস্পতিবার পুলিশের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে প্রতিদিন ব্যাঙ্ক খোলা ও বন্ধের নির্দিষ্ট সময়ে পুলিশি টহল বাধ্যতামূলক। ব্যাঙ্কের সিসিটিভি, অ্যালার্ম সিস্টেম এবং নিরাপত্তাকর্মীদের তৎপরতা নিয়মিত খতিয়ে দেখার পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি বা গাড়ির ওপর কড়া নজরদারি চালাবে পুলিশ।

অন্যদিকে, ডাকাত দমন শাখা এখন থেকে মূলত গোপন তথ্য সংগ্রহ, অপরাধী চক্র চিহ্নিতকরণ এবং দাগি অপরাধীদের গতিবিধি নিয়ে কাজ করবে। উৎসবের মরসুমে বা বড় অঙ্কের নগদ লেনদেনের ক্ষেত্রে আগাম তথ্য থাকলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে কাজ করবে থানাগুলি। গোটা প্রক্রিয়ার তদারকি করবেন এসিপি এবং ডিসি পদমর্যাদার আধিকারিকরা। শহরের সমস্ত থানাকে অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *