ভবানীপুরে মমতার মনোনয়ন ৮ এপ্রিল, মেগা র্যালির সাথে ৮ দিনের ঝোড়ো প্রচার সূচি প্রকাশ করল তৃণমূল

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে কোমর বেঁধে নেমেছে শাসক দল। আগামী ৮ এপ্রিল ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানানো হয়েছে, ওইদিন কলকাতায় এক বিশাল বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আলিপুরে সার্ভে বিল্ডিংয়ে গিয়ে নিজের মনোনয়নপত্র দাখিল করবেন তিনি। বুধবার বীরভূমের নানুরে যখন নির্বাচনী জনসভায় ব্যস্ত তৃণমূল নেত্রী, ঠিক তখনই ১ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত তাঁর ম্যারাথন কর্মসূচির বিস্তারিত তালিকা প্রকাশ করল ঘাসফুল শিবির।
প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী আট দিন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ—রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝোড়ো প্রচার চালাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের বড়ঞা ও নবগ্রাম দিয়ে শুরু করে ২ এপ্রিল সাগরদিঘি ও সুতিতে সভা করবেন তিনি। এরপর মালদহের বৈষ্ণবনগর এবং ৩ এপ্রিল দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করার কথা রয়েছে তাঁর। প্রচারের এই তালিকায় মালদহের হবিবপুরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
সপ্তাহান্তের প্রচারেও কোনো খামতি রাখছেন না তৃণমূল নেত্রী। ৪ এপ্রিল মালদহের মানিকচক, রতুয়া ও গাজোলে সভা সেরে ৫ এপ্রিল তিনি যাবেন ফরাক্কা ও সামশেরগঞ্জে। সেই দিনই বীরভূমের মুরারই ও মুর্শিদাবাদে ফের জনসভা করবেন তিনি। এরপর ৬ এপ্রিল নদীয়ার কৃষ্ণনগর ও পূর্ব বর্ধমানের সমুদ্রগড় এবং ৭ এপ্রিল রানাঘাট, বনগাঁ ও বারাসতের গুমাবাজারে প্রচার চালাবেন মমতা। এই ঝোড়ো সফরের পরেই ৮ এপ্রিল কলকাতায় ফিরে মনোনয়ন জমা দেওয়ার মাধ্যমে প্রচারের প্রথম পর্বের সমাপ্তি ঘটাবেন তিনি।
