ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল হাওড়া! মুহূর্তের মধ্যে ছাই সব কিছু! – এবেলা
এবেলা ডেস্কঃ
হাওড়ার অঙ্কুরহাটির মহিয়াড়ি আমতলা এলাকার একটি আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। আগুন লাগার জেরে মারাত্মকভাবে ঝলসে গিয়ে ৭২ বছর বয়সি গোপা মুখোপাধ্যায় নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৃহকর্তা কাজে বাইরে থাকার সময় হঠাৎই এই ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই লেলিহান শিখা দুই ও তিনতলায় ছড়িয়ে পড়ে। ঘটনার সময় ওই আবাসনে পাঁচ থেকে ছয় জন বাসিন্দা আটকে পড়েন, যার ফলে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় কর্মীদের। আটকে থাকা বাসিন্দাদের উদ্ধারে নেমে দমকল কর্মীরা অত্যন্ত সাহসিকতার পরিচয় দেন এবং আহতদের কোল পাঁজা করে সিঁড়ি দিয়ে নিরাপদে নিচে নামিয়ে আনেন। এই ভয়াবহ দুর্ঘটনায় অনেকেই গুরুতর আহত ও অগ্নিদগ্ধ হয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং পরিস্থিতি মোকাবিলায় দমকলের ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।
