‘ভাইপো টাকা তোলার মেশিন!’ পুজো পাস বিতর্কে মমতার গ্রেপ্তারি দাবি অর্জুনের, পাল্টা কী বলল ‘ফুটবলার’রা? – এবেলা

এবেলা ডেস্কঃ
দুর্গাপুজোর প্রিভিউ শোয়ের পাসের টেন্ডার দুর্নীতি মামলায় ইডির নথিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ানোকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের সংস্থা ‘অক্টেভ রেকর্ডস’-এর অ্যাকাউন্ট থেকে ৩০ লক্ষ টাকা প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এই চাঞ্চল্যকর তথ্যের পরই ফুঁসে উঠেছে বিরোধী শিবির। নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির দাবি তুলে তাঁকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন।
পালটা জবাবে শাসকদল এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। তৃণমূলের দাবি, ওই অর্থ সম্পূর্ণ বৈধ এবং তা মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা গানের রয়্যালটি বাবদ আয়, যার সমস্ত আয়করের রেকর্ড রয়েছে। রাজনৈতিক কুৎসা ঢাকতেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে শিবিরটি। অন্যদিকে, সিপিএম নেতা সুজন চক্রবর্তীও বিষয়টি নিয়ে কটাক্ষ করে তৃণমূলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
