‘ভাঙচুর নয়, সাজানো নাটক!’ সিউড়ির ঘটনা নিয়ে তোপ শমীকের – এবেলা

এবেলা ডেস্কঃ
বীরভূমের সিউড়িতে অনুব্রত মণ্ডলের উপস্থিতিতেই তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তপ্ত রাজ্যের রাজনৈতিক মহল। মুখ ঢাকা তিন যুবক লাঠি-রড নিয়ে অফিসে ঢুকে আসবাব ভাঙচুর করে এবং অনুব্রতকে হুমকি দেয় বলে অভিযোগ। এমনকি তাঁর বুকে লাঠি ঠেকিয়ে চরম কটাক্ষ করার দৃশ্যও প্রকাশ্যে আসে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তীব্র কটাক্ষ বর্ষণ করেছেন। তাঁর মতে, গোটা বিষয়টি একটি দুর্বল চিত্রনাট্যের সাজানো নাটক ছাড়া আর কিছুই নয়।
শমীক ভট্টাচার্য দাবি করেন, যে নেতার নামেই এলাকা কাঁপত, তাঁর চোখের সামনেই এই ধরনের আক্রমণ এবং অনুগামীদের নিস্পৃহ ভূমিকা অত্যন্ত সন্দেহজনক। মাত্র ৩ জন যুবক ঢুকে ভাঙচুর চালাল আর সবাই নীরব দর্শক হয়ে রইল, তা সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা আসাম্ভব। তাছাড়া, এত বড় ঘটনার পরেও তৃণমূল বা পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো লিখিত অভিযোগ না করা এবং ধৃতদের ছেড়ে দেওয়ার ঘটনা এই ‘নাটক’ তত্ত্বকে আরও জোরালো করে তুলেছে।
