ভিড়ের সুযোগ নিয়ে সুখবীর সিং বাদলের ওপর প্রাণঘাতী হামলা, খোঁজ নিয়ে হরসিমরতকে ফোন প্রধানমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ
মহারাষ্ট্রের নানদেদে শিরোমণি অকালি দলের সভাপতি তথা পাঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর এক প্রাণঘাতী হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার দুপুরে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নানদেদের একটি গুরুদ্বারে গিয়েছিলেন তিনি। সেখানে ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা এক নিহঙ্গ ব্যক্তি ধারালো কৃপাণ নিয়ে আচমকাই তাঁর ওপর চড়াও হয়।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, হামলাকারী সরাসরি তাঁর পেটে কৃপাণ চালানোর চেষ্টা করেছিল। সুখবীর সিং বাদল তৎপরতার সঙ্গে নিজেকে কিছুটা সরিয়ে নিতে পারলেও কৃপাণের আঘাতে তাঁর ডান হাত গুরুতর জখম হয়। তাঁকে বাঁচাতে গিয়ে কয়েকজন নিরাপত্তারক্ষীও আহত হন। নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা সঙ্গে সঙ্গেই আক্রমণকারীকে কাবু করে ধরে ফেলে।
রক্তাক্ত অবস্থায় সুখবীর সিং বাদলকে দ্রুত নানদেদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর আঘাত মারাত্মক হলেও বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল। ঘটনার খবর পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন সুখবীরের স্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদলের কাছ থেকে।
আগামী বছর পাঞ্জাব বিধানসভা নির্বাচনের ঠিক মুখে একজন প্রথম সারির নেতার ওপর এমন সুরক্ষিত জায়গায় হামলায় রাজনৈতিক মহলে চরম উদ্বেগ তৈরি হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ইতিমধ্যেই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। এই হামলার পেছনে গভীর কোনো রাজনৈতিক চক্রান্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
