ভোটকর্মীকে হেনস্থার জের! মুর্শিদাবাদে শ্রীঘরে প্রাক্তন বিজেপি নেতা – এবেলা

এবেলা ডেস্কঃ
কান্দি: নির্বাচন কমিশনের কর্তব্যরত এক বুথ স্তরের কর্মীকে (BLO) হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগে গ্রেফতার হলেন বিজেপির এক প্রাক্তন জেলা কমিটির নেতা। শনিবার মুর্শিদাবাদ জেলার কান্দি থানা এলাকার এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই প্রাক্তন বিজেপি নেতার নাম সূর্যদেব দাস। তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া এবং কর্তব্যরত নির্বাচন কর্মীকে হেনস্থা করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ঘটনার তদন্তে নেমে কান্দি থানার পুলিশ শনিবারই তাঁকে গ্রেফতার করে।
এ দিনই ধৃত সূর্যদেব দাসকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে, বিচারক তাঁর জামিনের আবেদন নাকচ করে দু’দিন জেল হেফাজতের (কারাবাস) নির্দেশ দিয়েছেন। সরকারি কর্মীকে হেনস্থার এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। তবে দলের প্রাক্তন নেতার এই গ্রেফতারি নিয়ে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
