ভোটার তালিকা থেকে এক লহমায় হাজার হাজার নাম ছাঁটাইয়ের চক্রান্ত? সুপ্রিম কোর্টের নজরে চাঞ্চল্যকর কারচুপি! – এবেলা

এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশে চলমান বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার মাঝেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত ঘিরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। একটি নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রে বিশেষ এক সম্প্রদায়ের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে একসঙ্গে গণহারে ভুয়ো ‘ফর্ম ৭’ জমা দেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে। এমনকি এই ফর্মগুলিতে বুথ লেভেল অফিসারদের (BLO) স্বাক্ষর থাকার কথা আদালতে জানোনো হয়। শুধু উত্তরপ্রদেশই নয়, কর্নাটক ও তেলঙ্গানাতেও অনুরূপ চক্রান্তের অভিযোগ প্রকাশ্যে এসেছে।
এই গুরুতর অনিয়মের মুখোমুখি হয়ে সুপ্রিম কোর্ট কঠোর অবস্থান গ্রহণ করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ নির্বাচন কমিশনকে পুরো বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখে দ্রুত কড়া ব্যবস্থা নেওয়ার ও আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। যদিও কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জমা পড়া ভুয়ো ফর্মগুলি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং তার ভিত্তিতে কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী নোটিস ও শুনানি ছাড়া কাউকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব নয় বলেও জানিয়েছে কমিশন।
