ভোটার তালিকায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’? কোথায় মিলবে নাম, জানিয়ে দিল কমিশন – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যজুড়ে এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। শাসক ও বিরোধী শিবিরের সংঘাতের আবহে এবার ভোটার তালিকায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যুক্তিহীন অসঙ্গতি এবং ‘আনম্যাপড’ ভোটারদের নিয়ে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশিকা মেনে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার অগরবালকে বিশেষ সতর্কতার সাথে কাজ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিশন।
কোথায় দেখা যাবে তালিকা?
কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে সমস্ত ভোটারের তথ্যে অসঙ্গতি রয়েছে বা যারা ‘আনম্যাপড’ তালিকায় রয়েছেন, তাদের নামের তালিকা আগামী ২৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হবে। সাধারণ মানুষের সুবিধার্থে এই তালিকাগুলি পাওয়া যাবে:
- গ্রামীণ এলাকা: প্রতিটি গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস এবং মহকুমা শাসকের (Sub-division) দপ্তরে।
- শহরাঞ্চল: পৌরসভার প্রতিটি ওয়ার্ড অফিসে এই তালিকা টাঙানো হবে।
বিএলএ এবং প্রতিনিধির ক্ষমতায়ন
বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়ে শীর্ষ আদালতের নির্দেশকে মান্যতা দিয়েছে কমিশন। এখন থেকে কোনো ভোটার উপস্থিত থাকতে না পারলে তাঁর অনুমোদিত প্রতিনিধি হিসেবে পরিবারের যে কেউ বা বিএলএ শুনানিতে অংশ নিতে পারবেন। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের স্বাক্ষর বা টিপছাপ সম্বলিত একটি প্রামাণ্য চিঠি জমা দিতে হবে।
শুনানি হবে বাড়ির কাছেই
শুনানি কেন্দ্র দূরে হওয়া নিয়ে রাজ্যজুড়ে যে জনরোষ তৈরি হয়েছিল, তা প্রশমনে সক্রিয় হয়েছে কমিশন। ভোটারদের হয়রানি কমাতে এখন থেকে বাসস্থানের কাছাকাছি এলাকায় শুনানির ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। নাম বাদ দেওয়া বা নতুন নাম সংযোজন সংক্রান্ত দাবিও সেখানে জানানো যাবে। পাশাপাশি, বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করার বিষয়েও সিলমোহর দিয়েছে কমিশন।
আইনশৃঙ্খলায় কড়া নজর
সন্দেশখালি থেকে বাসন্তী—রাজ্যের বিভিন্ন প্রান্তে শুনানি ঘিরে অশান্তির জেরে নড়েচড়ে বসেছে দিল্লি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো আপস করা হবে না। পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে পাঠানো চিঠিতে সাফ জানানো হয়েছে, কেউ হাতে আইন তুলে নিলে কঠোর ব্যবস্থা নিতে হবে। পরিস্থিতির ওপর নজরদারির জন্য রাজ্যে আরও ১২ জন রোল অবজার্ভার নিয়োগ করা হয়েছে।

