মমতার হাত ছাড়তেই অনুব্রতর অফিস থেকে ‘আউট’ অভিষেক, শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ কেষ্ট – এবেলা

এবেলা ডেস্কঃ
বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল মমতার হাত ছেড়ে ঋতব্রতপন্থী তৃণমূলে যোগ দিতেই রাজ্যের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। শিবির বদল করেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেছেন অনুব্রত। শুভেন্দুকে লড়াকু এবং পটু ছেলে অ্যাখ্যা দিয়ে তিনি জানান, কাজের দৌলতেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পাঁচটি জেলার পর্যবেক্ষক করেছিলেন। এই রাজনৈতিক পটপরিবর্তনের মাঝেই বোলপুরে অনুব্রতের অফিস থেকে তড়িঘড়ি সরিয়ে ফেলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি।
তৃণমূলের এই পরিণতির জন্য সরাসরি নির্বাচনী পরামর্শদাতা সংস্থা আইপ্যাক-কে কাঠগড়ায় তুলেছেন কেষ্ট। তাঁর বিস্ফোরক দাবি, আইপ্যাক দলটাকে শেষ করে দিয়েছে এবং দিদি মানুষ চিনতে ভুল করে যাঁকে ইচ্ছে টিকিট দিয়েছেন। জেলে থাকার সময়েও তাঁর নাম করে ভোট করানো হয়েছে বলে ক্ষোভ উগরে দেন তিনি। দলে কাজের পরিবেশ ছিল না দাবি করে অনুব্রত বলেন, অভিভাবক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত ছিল যে দলটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে।
