মাঝ আকাশে হাইজ্যাক আতঙ্ক! এয়ার ইন্ডিয়ার বিমানে জরুরি অবতরণ জয়পুরে? – এবেলা

এবেলা ডেস্কঃ
ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইটে হাইজ্যাকের আশঙ্কা তৈরি হওয়ায় জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। আমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) সূত্রে জানা যায়, বিমানটি থেকে কয়েক সেকেন্ডের জন্য ‘স্কোয়াক-৭৫০০’ জরুরি সংকেত পাঠানো হয়েছিল, যা সাধারণত বিমান অপহরণ বা হাইজ্যাকের ঘটনার সঙ্গে যুক্ত। এই সংকেত পাওয়ার পরেই নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়ায় এবং দিল্লির ওয়ার রুমের নির্দেশানুযায়ী ফ্লাইটটিকে দ্রুত জয়পুরে ঘুরিয়ে নেওয়া হয়।
অবতরণের পর নির্ধারিত প্রটোকল মেনে সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি নিরাপদে মাটিতে নামে এবং পরবর্তী পরীক্ষার জন্য সেটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে বিমানে অস্বাভাবিক কিছু না মিললেও ঠিক কী কারণে এই অ্যালার্ট বা কোড অ্যাক্টিভ হয়েছিল, তা খতিয়ে দেখতে বিশদ তদন্ত শুরু হয়েছে। সাম্প্রতিক কিছু আন্তর্জাতিক বিমান ঘটনার প্রেক্ষিতে এই নিরাপত্তা সতর্কতা যাত্রীদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে।
