মাঝরাতে আগ্নেয়াস্ত্রসহ ওমনি ভ্যানে চরম তাণ্ডবের ছক বানচাল – এবেলা

এবেলা ডেস্কঃ
রানীগঞ্জের আমরাসতা মোড় এলাকায় ডাকাতির বড়সড় ছক ভেস্তে দিল পুলিশ। পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি নাজমুল হুদার নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে রাত আড়াইটে নাগাদ একটি সন্দেহভাজন ওমনি ভ্যান আটক করা হয়। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড কার্তুজ, দুটি ধারালো অস্ত্র, লোহার কাটার, তিনটি মোবাইল এবং একটি রড উদ্ধার হয়। পুলিশের এই তৎপরতায় চরম অঘটন থেকে রক্ষা পেল এলাকা।
ঘটনায় ঘটনাস্থল থেকেই চার দুষ্কৃতীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে রানীগঞ্জ থানার পুলিশ। ধৃতদের নাম তাজ খান, শেখ আজহারউদ্দিন, শেখ আলাউদ্দিন ও শেখ হাসান। তারা সকলেই বীরভূম জেলার দুবরাজপুর ও কাঁকরতলার বাসিন্দা। তবে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে বাকি দুই দুষ্কৃতী এলাকা ছেড়ে চম্পট দেয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতীরা সেখানে জড়ো হয়েছিল। ধৃত চারজনকে আসানসোল জেলা আদালতে পেশ করা হচ্ছে।
