মাদ্রাজ হাই কোর্টের রায়ে সুপ্রিম স্থগিতাদেশ, বড় জয় তামিলনাড়ুর বিজয় সরকারের – এবেলা

এবেলা ডেস্কঃ
তামিলনাড়ুতে গোহত্যা বন্ধে মাদ্রাজ হাই কোর্টের দেওয়া রায়ের ওপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। মে মাসে উচ্চ আদালত নির্দেশ দিয়েছিল যে, ইদ বা অন্য কোনো দিনে গরু-বাছুর জবাই করা যাবে না। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের রাজ্য সরকার। সোমবার মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, হাই কোর্টের নির্দেশটির শেষ অনুচ্ছেদটি আপাতদৃষ্টিতে সংশোধনের প্রয়োজন রয়েছে, যেখানে রাজ্যব্যাপী সম্পূর্ণ নিষেধাজ্ঞার কথা বলা হয়েছিল।
আদালতে তামিলনাড়ু সরকারের পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংভি যুক্তি দেন, ১৯৫৮ সালের রাজ্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী নির্দিষ্ট শর্ত সাপেক্ষে প্রজননে অক্ষম বা ১০ বছরের বেশি বয়সী পশু জবাইয়ের নিয়ম রয়েছে। কোনো আইনেই সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিধান নেই এবং উচ্চ আদালতের এই নির্দেশ বিচারব্যবস্থার মাধ্যমে আইন প্রণয়নের চেষ্টার শামিল, যা সংবিধান পরিপন্থী। সুপ্রিম কোর্ট এই যুক্তি আমলে নিয়ে হাই কোর্টের রায়ের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করায় রাজনৈতিক ও আইনিভাবে বড়সড় স্বস্তি পেল বিজয় সরকার।
