মোদীর জন্মদিনে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’, দেশসেরা হওয়ার ডাক শুভেন্দুর – এবেলা

মোদীর জন্মদিনে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’, দেশসেরা হওয়ার ডাক শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে গোটা দেশে এক মাস ধরে ‘সেবা সংকল্প অভিযান’ চালাবে বিজেপি। দলের এই মেগা কর্মসূচিতে পশ্চিমবঙ্গকে দেশের মধ্যে প্রথম স্থানে দেখতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নিউটাউন কনভেনশন সেন্টারে আয়োজিত দলের এক বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “যোগ দিবস এবং তেরঙ্গা অভিযানের মতো প্রধানমন্ত্রীর জন্মদিনের এই কর্মসূচিতেও পশ্চিমবঙ্গকে দেশের সেরা হতে হবে। এটি সফল করতে সরকার এবং দল কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।” দলের সর্বস্তরের নেতা-কর্মীদের জন্য একটি সুস্পষ্ট রুটম্যাপও তৈরি করে দেন তিনি।

রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এই বৈঠকে জানান, কর্মসূচির সফলতায় দলের বিভিন্ন স্তরের সংগঠনকে পারস্পরিক সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে। সব স্তরের কর্মী, বিধায়ক ও মন্ত্রীদের মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব‌্য, মন্ত্রী দিলীপ ঘোষ, রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ‌্যায় এবং সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। রাজ্য স্তরের পর এবার জেলা ও মণ্ডল স্তরেও এই কর্মসূচির রূপরেখা তৈরিতে কর্মশালা আয়োজিত হবে।

কর্মসূচির বিশেষত্ব: আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী মোট ১৩টি বড় কর্মসূচি পালন করবে বিজেপি। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—

  • আশীর্বাদের আলো
  • ২৫ কোটি শিশুর স্বপ্নের ভারত
  • আঙিনার উৎসব
  • পরিবর্তনের গল্প
  • সেবা জ্যোতি যাত্রা
  • আপনার দোরগোড়ায় সরকার (সার্ভিস ব্রিজ ক্যাম্পেইন)

এই উদ্যোগগুলির মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিনকে একটি বিশাল সেবামূলক উৎসবে পরিণত করার লক্ষ্য নিয়েছে দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *