মোবাইলেই কাটা যাবে অন্যের মান্থলি টিকিট, প্রবীণ যাত্রীদের বড় স্বস্তি দিল ভারতীয় রেল – এবেলা
September 18, 2026

এবেলা ডেস্কঃ
September 18, 20268:32 am
নিত্যযাত্রীদের ঝক্কি কমাতে এবং ডিজিটাল পরিষেবা আরও সহজ করতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। এবার থেকে RailOne অ্যাপের মাধ্যমে শুধু নিজের নয়, পরিবারের সদস্য বা পরিচিত ব্যক্তিদের জন্যও সহজে লোকাল ট্রেনের মান্থলি (সিজ়ন টিকিট) বুক করা যাবে। বিশেষ করে যাঁরা স্মার্টফোন ব্যবহারে স্বচ্ছন্দ নন বা প্রবীণ নাগরিক, তাঁদের আর কাউন্টারের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না।
RailOne অ্যাপের নতুন নিয়ম ও শর্তাবলী
- একসঙ্গে একাধিক টিকিট: অ্যাপের একজন রেজিস্টার্ড ব্যবহারকারী নিজের টিকিটের পাশাপাশি আরও সর্বোচ্চ ৫ জন যাত্রীর জন্য মান্থলি টিকিট কাটতে পারবেন।
- কার্যকর হওয়ার তারিখ: নিজের জন্য কাটা টিকিট ‘জিও-ভেরিফিকেশন’ (Geo-verification) সম্পন্ন হলে সেদিন থেকেই কার্যকর হবে। তবে অন্যের জন্য টিকিট কাটলে তা পরের দিন থেকে কার্যকর হবে। তাই ভ্রমণের তারিখ হিসাব করে আগেই টিকিট বুক করতে হবে।
- বয়সসীমা: টিকিট বুকিংকারীর বয়স অন্তত ১৮ বছর এবং যে যাত্রীর জন্য সিজ়ন টিকিট কাটা হচ্ছে তাঁর বয়স কমপক্ষে ৫ বছর হতে হবে।
- কোচের নিয়ম: এই মান্থলি টিকিট শুধুমাত্র সাধারণ সেকেন্ড ক্লাসে যাত্রার জন্য প্রযোজ্য; রিজার্ভড কোচে এই টিকিটে যাতায়াত করা যাবে না।
শিয়ালদার চাপ কমাতে বিধাননগর থেকে ২ নতুন লোকাল
নিত্যযাত্রীদের সুবিধার্থে রেলবোর্ড লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর অনুমোদন দিয়েছে। শিয়ালদা স্টেশনের অতিরিক্ত ভিড় সামলাতে বিধাননগর স্টেশনকে বিশেষভাবে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে।
- প্রতিদিন গড়ে ১ লাখ ৭০ হাজার যাত্রী যাতায়াত করেন বিধাননগর স্টেশন থেকে।
- চাপ কমাতে এবার বিধাননগর থেকে কল্যাণী পর্যন্ত ২ টি নতুন লোকাল ট্রেন চালানো হবে।
- শিয়ালদার ওপর নির্ভরতা কমাতে ভবিষ্যতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনকে ‘প্রান্তিক স্টেশন’ (Terminal Station) হিসেবে গড়ে তোলার রূপরেখা তৈরি করছে রেল।
