যমজ সন্তানের পর তৃতীয় প্রেগন্যান্সি! মাতৃত্বকালীন ছুটি নিয়ে ঐতিহাসিক রায় হাইকোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রথমবার যমজ সন্তান হয়েছে বলে কি দ্বিতীয়বার গর্ভাবস্থায় মাতৃত্বকালীন ছুটি মিলবে না? এমনই এক জটিল প্রশ্নের উত্তরে যুগান্তকারী রায় দিল তেলঙ্গানা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিল, মাতৃত্বকালীন ছুটি কোনও দয়ার দান নয়, এটি মহিলাদের মৌলিক অধিকার!
ঘটনাটি ঠিক কী? জাদি স্বরূপা রানি নামে এক সরকারি অধ্যাপিকা ২০২৩ সালে যমজ সন্তানের জন্ম দেন। এরপর ২০২৬ সালের এপ্রিলে তিনি ফের অন্তঃসত্ত্বা হন এবং নিয়ম অনুযায়ী মাতৃত্বকালীন ছুটির আবেদন করেন। কিন্তু কলেজ কর্তৃপক্ষ সরকারি ‘দুই সন্তান নীতি’-র দোহাই দিয়ে তাঁর ছুটি বাতিল করে দেয়। তাদের যুক্তি ছিল, দুই জীবিত সন্তান হয়ে যাওয়ায় তৃতীয় সন্তানের ক্ষেত্রে এই ছুটি মিলবে না।
আদালতের ঐতিহাসিক পর্যবেক্ষণ: কলেজের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন ওই অধ্যাপিকা। তাঁর আইনজীবীর যুক্তি ছিল, যমজ সন্তানের জন্ম সম্পূর্ণ একটি জৈবিক প্রক্রিয়া, এতে মানুষের কোনও হাত নেই।
মামলার শুনানিতে বিচারপতি কে শরৎ কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত খারিজ করে দেন। আদালত জানায়, “মাতৃত্বকালীন ছুটি শুধু নিয়মের গণ্ডিতে বাঁধা নয়, এটি মানবাধিকারের বিষয়। এর মূল উদ্দেশ্য কর্মরতা মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করা।” হাইকোর্টের এই রায় নিঃসন্দেহে দেশের লক্ষ লক্ষ কর্মরতা মায়ের জন্য এক বিরাট স্বস্তির খবর।
