যাদবপুরের পর এবার মেদিনীপুর কলেজ! SFI-এর মিছিলে ABVP-র হামলার অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষ – এবেলা

এবেলা ডেস্কঃ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার জের এবার পৌঁছাল মেদিনীপুর কলেজে। যাদবপুরে এবিভিপি-র কথিত হামলার প্রতিবাদে শুক্রবার দুপুরে মেদিনীপুর কলেজ ক্যাম্পাসে একটি শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করেছিল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই (SFI)। অভিযোগ, মিছিল চলাকালীন এবিভিপি-র পতাকাধারী একদল যুবক বহিরাগতদের সঙ্গে নিয়ে এসে এসএফআই সমর্থকদের ওপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে। এই সংঘর্ষে উভয় পক্ষের একাধিক ছাত্র আহত হয়েছেন এবং কয়েকজনের মাথা ফেটে রক্তপাত ঘটেছে।
অন্যদিকে, আক্রমণের অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি। তাদের পাল্টা দাবি, এসএফআই-এর মিছিল থেকে দেশবিরোধী স্লোগান দেওয়া হচ্ছিল এবং কলেজের স্বাভাবিক পঠনপাঠন ব্যাহত হচ্ছিল। এর প্রতিবাদ জানাতে গেলেই এসএফআই তাদের ওপর প্রথম হামলা চালায়। এই অনভিপ্রেত ঘটনায় কলেজ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ গেটে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
