রবিবার ছুটির দিনেও ভিজবে কলকাতা, দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! – এবেলা

এবেলা ডেস্কঃ
বর্ষার অবিরাম বৃষ্টিতে ভিজছে তিলোত্তমা। রবিবার ছুটির দিনেও তার অন্যথা হওয়ার সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবারও বৃষ্টিতে ভিজতে পারে শহর কলকাতা। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, এবং কিছু এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও তার আশপাশের এলাকায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত শহরে ৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া—এই জেলাগুলির এক বা দুই জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।
বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নিরাপত্তার খাতিরে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াও আর্দ্র ও বৃষ্টিবহুল। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলারই বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার কিছু এলাকায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেমি) পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
