রবিবার ব্লু লাইনে আংশিক বন্ধ মেট্রো, দুর্ভোগের আশঙ্কায় যাত্রীরা – এবেলা

রবিবার ব্লু লাইনে আংশিক বন্ধ মেট্রো, দুর্ভোগের আশঙ্কায় যাত্রীরা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা মেট্রোর ব্লু লাইনে রবিবার সাময়িকভাবে ব্যাহত হতে চলেছে যাত্রী পরিষেবা। আগামী ১৭ মে, রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। মূলত শহিদ ক্ষুদিরাম স্টেশনে জরুরি রক্ষণাবেক্ষণ এবং নিউ গড়িয়া মেট্রো স্টেশনের পুনর্নির্মাণের লক্ষ্যে রেক ঘোরানোর পরিকাঠামো তৈরির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর ও দমদম পর্যন্ত পরিষেবা যথারীতি স্বাভাবিক থাকবে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে।

পরিকাঠামোগত বিপর্যয় ও জরুরি সংস্কার

২০১০ সালে চালু হওয়া নিউ গড়িয়া (কবি সুভাষ) মেট্রো স্টেশনটি মাত্র ১৫ বছরের মধ্যেই বিপজ্জনক অবস্থায় এসে দাঁড়িয়েছে। গত বছরের ২৮ জুলাই থেকেই এই স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্টেশনের বিভিন্ন থামে ফাটল ধরা পড়ার পাশাপাশি একাধিক পিলার এবং প্ল্যাটফর্ম দেবে যাওয়ার লক্ষণ দেখা দেওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়াতে এই পদক্ষেপ করা হয়। বর্তমানে আপ ও ডাউন লাইনের ট্রেনগুলি ব্রিজি স্টেশন পর্যন্ত চলাচল করছে। তবে শহিদ ক্ষুদিরাম স্টেশনে ট্রেন ঘোরানোর স্থায়ী ব্যবস্থা না থাকায় এখন সেখানে নতুন পরিকাঠামো গড়ে তোলার কাজ চলছে। এই কাজ সম্পন্ন হওয়ার পর নিউ গড়িয়া স্টেশনটিকে মূল লাইন থেকে বিচ্ছিন্ন করে সম্পূর্ণ ভেঙে পুনর্নির্মাণ করা হবে, যা শেষ হতে অন্তত ছয় মাস সময় লাগতে পারে।

চিংড়িঘাটায় যান নিয়ন্ত্রণ ও বিকল্প রুট

মেট্রো পরিষেবার পাশাপাশি শহরের সড়ক যোগাযোগেও এর বড় প্রভাব পড়তে চলেছে। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো রুটের চিংড়িঘাটা প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই কাজের জন্য পর পর দুটি সপ্তাহান্তে মোট ১২০ ঘণ্টা ইএম বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রথম দফায় ১৫ মে শুক্রবার রাত ৮টা থেকে ১৮ মে সোমবার সকাল ৮টা পর্যন্ত ৬০ ঘণ্টা উত্তরমুখী যান চলাচল আংশিক বন্ধ থাকবে। পরবর্তী দফায় ২২ মে থেকে ২৫ মে পর্যন্ত একইভাবে দক্ষিণমুখী রাস্তায় বিধিনিষেধ কার্যকর থাকবে। এই নির্মাণকাজের ফলে মেট্রো ও সড়ক উভয় পথেই সাময়িক ভোগান্তির মুখে পড়তে চলেছেন সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *