রাখির দিনই কি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা? প্রধানমন্ত্রী কিষাণ যোজনা নিয়ে বড় ঘোষণা – এবেলা

এবেলা ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে, যেখানে দাবি করা হয়েছে আগামী ২৮ আগস্ট রাখি উৎসবের দিন প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ২৪তম কিস্তির ২ হাজার টাকা সরাসরি যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। দেশের লক্ষ লক্ষ কৃষক যখন পরবর্তী কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ঠিক তখনই এই ভিডিওটি ছড়িয়ে পড়ে। তবে পুরো বিষয়টি নিয়ে এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বড় আপডেট সামনে এসেছে।
সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো এবং এটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। গত ২০ জুন এই প্রকল্পের ২৩তম কিস্তির টাকা প্রকাশ করা হয়েছিল। এর পর থেকে সরকার ২৪তম কিস্তি দেওয়া সংক্রান্ত কোনো নতুন তারিখ বা আনুষ্ঠানিক ঘোষণা করেনি। ফলে এই ধরণের কোনো বিভ্রান্তিকর ও ভুয়ো তথ্যে কান না দেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
