‘রাজনীতিতে আসাই ভুল হয়েছে!’ প্রাক্তন বিধায়কের রহস্যমৃত্যুর তদন্তে ফরেনসিক টিম, নেপথ্যে কি কোটি কোটি টাকার দুর্নীতি? – এবেলা

‘রাজনীতিতে আসাই ভুল হয়েছে!’ প্রাক্তন বিধায়কের রহস্যমৃত্যুর তদন্তে ফরেনসিক টিম, নেপথ্যে কি কোটি কোটি টাকার দুর্নীতি? – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নামল সিআইডি-র ফরেনসিক দল। সোমবার তদন্তকারীরা নিহতের বাসভবন ও দলীয় কার্যালয় থেকে উদ্ধার হওয়া হাতে লেখা ‘সুইসাইড নোট’, মোবাইল ফোন এবং দড়ি-সহ একাধিক গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেছেন। তাঁর শেষ কথোপকথন ও মেসেজ খতিয়ে দেখার পাশাপাশি পুরো বিষয়টি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরীক্ষা করা হচ্ছে। ঘটনায় নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বিজেপির প্রতিনিধিদল আশিসবাবুর শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দিয়েছে, যার পর নিহতের স্বজনরাও সুষ্ঠু তদন্তের আশা প্রকাশ করেছেন।

তবে এই মৃত্যুরহস্যে এবার যুক্ত হয়েছে টিআরডিএ-র পুরনো দুর্নীতির নতুন কোণ। সূত্রের খবর, মৃত্যুর আগের দিন তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের (টিআরডিএ) প্রাক্তন এক পদাধিকারীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছিল আশিসবাবুর, যাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ ছিল। দুর্নীতির দায় চাপানোর কোনো মানসিক চাপ সৃষ্টি করা হয়েছিল কি না কিংবা এই যোগাযোগের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা গভীরভাবে তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় রামপুরহাট ও তারাপীঠ অঞ্চলের রাজনীতিতে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সিআইডি সমস্ত দিক খোলা রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *