রাতদুপুরে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! নিরাপত্তার প্রশ্ন তুলে স্পিকারের দরবারে মহুয়া – এবেলা

রাতদুপুরে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! নিরাপত্তার প্রশ্ন তুলে স্পিকারের দরবারে মহুয়া – এবেলা

এবেলা ডেস্কঃ

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নদিয়া সার্কিট হাউস থেকে মাঝরাতে ঘর ছাড়ার নির্দেশ পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নিজের নিরাপত্তা ও সংসদীয় মর্যাদার লঙ্ঘন হয়েছে জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার জরুরি হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

মহুয়া মৈত্রের অভিযোগ অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ তিনি সার্কিট হাউসে পৌঁছন। কিন্তু রাত ৯টা ৪৭ মিনিটে নদিয়ার অতিরিক্ত জেলাশাসক তাঁকে ফোন করে ঘর খালি করতে বলেন। এরপর রাত ১০টা ৫২ মিনিটে হোয়াটসঅ্যাপে একটি নির্দেশিকা পাঠানো হয়, যেখানে বলা হয় ‘বার্ষিক রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ’-এর জন্য ১৪ অগস্ট থেকে সার্কিট হাউস বন্ধ থাকবে। তবে ১৩ অগস্টের আগের নিশ্চিত বুকিংগুলি ছাড় পাবে বলে জানানো হয়। মহুয়ার দাবি, ঘর ছাড়ার চাপ দেওয়ার পাশাপাশি সার্কিট হাউসের বাইরে তখন একদল লোক জড়ো হয়ে তাঁকে ভয় দেখানোর জন্য স্লোগান দিচ্ছিল।

এই ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন’-কেও ট্যাগ করেন মহুয়া। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির নারী ক্ষমতায়ন ও ‘নারীশক্তি’র বার্তাকে “দ্বিচারিতা” বলে তীব্র আক্রমণ করেছেন। এছাড়া সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূলের রাজ্যসভা নেতা ডেরেক ও’ব্রায়েন এবং সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাসও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্পিকারের হস্তক্ষেপ দাবি করেছেন।

অন্যদিকে, বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ মহুয়া মৈত্রের এই অভিযোগকে কটাক্ষ করে বলেন, “সংবাদের শিরোনামে থাকতেই উনি এই নাটক করছেন।” বিজেপি এই অভিযোগের পেছনে রাজনৈতিক স্বার্থ দেখলেও, স্বাধীনতা দিবসের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য থেকে জাতীয় রাজনীতিতে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *