রামমন্দিরে রক্ষকই ভক্ষক! বিপুল অনুদান চুরির দায়ে গ্রেপ্তার ৮ কর্মী – এবেলা

রামমন্দিরে রক্ষকই ভক্ষক! বিপুল অনুদান চুরির দায়ে গ্রেপ্তার ৮ কর্মী – এবেলা

এবেলা ডেস্কঃ

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া বিপুল অনুদান ও প্রণামীর অর্থ আত্মসাতের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। মন্দিরের অনুদান গোনা ও আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত আটজন কর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ তদন্তকারী দলের (সিট) রিপোর্ট অনুযায়ী, রামমন্দিরে জমা পড়া ৩,৫০০ কোটি টাকারও বেশি নগদ প্রণামী এবং বিপুল সোনা-রুপোর গয়নার একটি বড় অংশের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না।

তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

মন্দিরের দানবাক্সের চাবি যার কাছে থাকত, সেই টিন্নু যাদবকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের প্রাক্তন গাড়িচালক। এছাড়াও অনুদান গোনার দায়িত্বে থাকা রমাশংকর মিশ্র, তাঁর ছেলে অনুকল্প এবং জামাই লবকুশ মিশ্র পুলিশের জালে। লবকুশের বাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধার হয়েছে এবং তিনি চুরি করা টাকার বখরা করতেন বলে অভিযোগ। মন্দিরের কর্মী অবিনাশ শুক্লার অ্যাকাউন্ট থেকে মিলেছে ৫ লক্ষ টাকা। এছাড়াও মণীশ যাদব, প্রাক্তন ব্যাঙ্ককর্মী সুভাষ শ্রীবাস্তব এবং জাল রসিদ তৈরির অভিযোগে করুণেশ পাণ্ডেকে গ্রেপ্তার করা হয়েছে। নগদ ও গয়নার পাশাপাশি দানে পাওয়া একটি রুপোর ভূষূণ্ডির কাকও গায়েব হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

সিস্টেমের গাফিলতি ও প্রশাসনের কড়া বার্তা

তদন্তে মন্দিরের আর্থিক ব্যবস্থাপনায় বড়সড় গাফিলতির ইঙ্গিত মিলেছে। সিটের রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, পুরো সিস্টেমে বিশ্ব হিন্দু পরিষদের একাংশের নিয়ন্ত্রণ রয়েছে এবং খোদ ট্রাস্ট প্রধান চম্পত রাইয়ের ভূমিকাও কাঠগড়ায়। সঠিক নজরদারি ও স্বচ্ছতার অভাবেই এই দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনার জেরে মন্দির কর্তৃপক্ষের স্বচ্ছতা নিয়ে স্বাভাবিকভাবেই ভক্তদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, সনাতন মূল্যবোধ নিয়ে ছেলেখেলা করলে কাউকে রেয়াত করা হবে না এবং সিটের রিপোর্টের ভিত্তিতে সরকার কঠোর পদক্ষেপ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *