রাস্তায় ডেলিভারি বয়ের অশালীন ইঙ্গিত! কলার ধরে সোজা থানায় টানলেন মহিলা পুলিশকর্মী – এবেলা

এবেলা ডেস্কঃ
খড়দহের বিটি রোডে এক মহিলা পুলিশকর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে। বাইকে যাওয়ার সময় ওই যুবক অশালীন ইঙ্গিত ও গোপনাঙ্গ প্রদর্শন করে বলে অভিযোগ। এরপরই রুখে দাঁড়ান ওই পুলিশকর্মী। তিনি বাইক থামিয়ে অভিযুক্তকে হাতেনাতে ধরেন এবং কলার ধরে টানতে টানতে খড়দহ থানায় নিয়ে যান। প্রকাশ্য রাস্তায় ঘটা এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
অভিযুক্ত ডেলিভারি বয়ের বিরুদ্ধে ঠিক কী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তা পুলিশের তরফে এখনও স্পষ্ট করা হয়নি। নারী সুরক্ষায় রাজ্য সরকার যখন বিভিন্ন থানায় মহিলা হেল্প ডেস্ক ও বিশেষ স্কোয়াড চালুর মতো একাধিক পদক্ষেপ নিচ্ছে, তখন এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রশাসন কড়া বার্তা দিলেও, প্রকাশ্য রাস্তায় খোদ পুলিশকর্মীর সঙ্গে এমন আচরণ সার্বিক নারী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়াল।
