রেড রোডে প্রথম ‘ডবল ইঞ্জিন’ সরকারের স্বাধীনতা দিবস উদযাপন, কী কী থাকছে বিশেষ আয়োজনে? – এবেলা

রেড রোডে প্রথম ‘ডবল ইঞ্জিন’ সরকারের স্বাধীনতা দিবস উদযাপন, কী কী থাকছে বিশেষ আয়োজনে? – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশেষ সংবাদদাতা: রাজ্যে ক্ষমতার পটপরিবর্তনের পর এই প্রথম রেড রোডে পালিত হতে চলেছে রাজ্যের মুখ্য স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। ‘ডবল ইঞ্জিন’ সরকারের আমলের এই ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। আগামী ১৫ আগস্ট সকাল থেকেই রেড রোড প্রত্যক্ষ করবে একাধিক নতুন চমক ও বর্ণাঢ্য আয়োজন।

দিনের শুরুর সময়সূচি: অনুষ্ঠানের সূচনা হবে সকাল ৯টা ২০ মিনিটে রেড রোডের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে। এরপর ৯টা ২৪ মিনিটে পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি সরাসরি উপস্থিত হবেন রেড রোডের মূল মঞ্চে। কুচকাওয়াজের আগে তাঁকে দেওয়া হবে ‘গার্ড অব অনার’। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের পর আকাশ থেকে হেলিকপ্টারের মাধ্যমে পুষ্পবৃষ্টি করা হবে।

ঐতিহাসিক কুচকাওয়াজ (মার্চ পাস্ট): সকাল ৯টা ৪০ মিনিট থেকে শুরু হবে বর্ণাঢ্য মার্চ পাস্ট। প্যারেড কমান্ডারের জিপের পেছনে একে একে মার্চ পাস্টে অংশ নেবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিএসএফ, সিআরপিএফ, এসএসবি, রাজ্য সশস্ত্র পুলিশ, সিকিম পুলিশ, এনসিসি, কলকাতা পুলিশের র‍্যাফ এবং বিভিন্ন ব্যান্ড দল।

আকর্ষণীয় ট্যাবলো প্রদর্শন: মার্চ পাস্টের পরেই শুরু হবে বিভিন্ন সরকারি ও সামাজিক প্রকল্পের বর্ণাঢ্য ট্যাবলো প্রদর্শন। এতে রাজ্য ও কেন্দ্রের একাধিক কল্যাণমূলক প্রকল্পের সংমিশ্রণ দেখা যাবে:

  • ইতিহাস ও ঐতিহ্য: ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ ট্যাবলো এবং পর্যটন দপ্তরের বিষ্ণুপুরের ঐতিহাসিক সাংস্কৃতিক ঐতিহ্য।
  • জনকল্যাণ ও স্বাস্থ্য: স্কুল শিক্ষা দপ্তরের ‘পিএম পোষণ’ (PM Poshan) ও ইসকন অন্নমিত্র প্রজেক্ট, ‘অন্নপূর্ণা যোজনা’, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’, ‘আয়ুষ্মান ভারত’, ‘টিবি মুক্ত ভারত’ ও এইচপিভি (HPV) টিকাকরণ।
  • গ্রামোন্নয়ন ও পরিবহন: পঞ্চায়েত দপ্তরের ‘বিকশিত ভারত-G-RAM-G’ এবং পরিবহণ দপ্তরের মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা ও ‘ড্রাইভ সেফ, সেভ লাইফ’ সচেতনতা।
  • শক্তি ও নিরাপত্তা: ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’, ‘সাইবার ক্রাইম সচেতনতা’ এবং ‘সেফ অ্যান্ড সিকিউর ওয়েস্ট বেঙ্গল’ বার্তা।

‘আনসাং হিরো’দের বিশেষ সম্মান ও সাংস্কৃতিক অনুষ্ঠান: এবারের আয়োজনে অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে শহরের নেপথ্য কারিগরদের সম্মান জানানো। কলকাতা পুরসভার সাফাইকর্মী ও স্যানিটেশন কর্মীদের নিয়ে থাকছে ‘The Unsung & Unseen Soldiers of the City’ শীর্ষক বিশেষ পর্ব।

সাংস্কৃতিক পর্বে বাসন্তী দেবী কলেজ ও দেশবন্ধু কলেজের শিক্ষার্থীদের পারফরম্যান্সের পাশাপাশি থাকবে কোচবিহারের ভাওয়াইয়া নৃত্য এবং উত্তর ও দক্ষিণবঙ্গের বাউল ও ধামাইল লোকনৃত্য। আকর্ষণ বাড়াতে থাকছে কলকাতা ও রাজ্য পুলিশের ‘ডিয়ার ডেভিলস’ (Dare Devils)-এর বাইক স্টান্ট প্রদর্শন।

সমগ্র অনুষ্ঠান শেষে সকাল ১০টা ৩১ মিনিটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাষণ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *