রেলে কাটমানি-রাজ! সিবিআইয়ের মেগা অভিযানে গ্রেফতার ৬, উদ্ধার ৭৭ লক্ষ নগদ ও সোনা – এবেলা

এবেলা ডেস্কঃ
রেলে ঠিকাদারদের থেকে বিল পাস করানোর নামে ঘুষ ও কাটমানি নেওয়ার অভিযোগে দেশজুড়ে বড়সড় অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। রাজস্থান ও ছত্তীসগঢ়ে পৃথক তিনটি মামলায় রেলের ৬ জন আধিকারিক এবং তাঁদের সহযোগীদের গ্রেফতার করেছে সিবিআই। তদন্তের অংশ হিসেবে এক শীর্ষ অফিসারের বাড়ি ও দফতরে তল্লাশি চালিয়ে নগদ ৭৭ লক্ষ টাকা এবং ১৪ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার করা হয়েছে।
সিবিআই সূত্রে জানা গেছে, এই মেগা দুর্নীতি চক্রের সঙ্গে কলকাতার সংযোগ উঠে এসেছে। জয়পুর, বিকানের এবং ভিলই—এই তিন অঞ্চলে উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব-মধ্য রেলের কিছু অফিসার অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নভি মুম্বই ও কলকাতার বেসরকারি সংস্থার কাছ থেকে ঘুষ দাবি করেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সিবিআই গোয়েন্দারা বিশেষ ফাঁদ পেতে অভিযুক্তদের হাতেনাতে ধরে ফেলেন।
- জয়পুরের ঘটনা: নভি মুম্বইয়ের একটি সংস্থার বিল পাস করানোর নামে ঘুষ চাওয়ায় এক দফতর সুপারিন্টেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজর এবং এক সিনিয়র সেকশন অফিসারসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে নগদ মোট ১০.৪৬ লক্ষ টাকা।
- বিকানেরের ঘটনা: কলকাতার একটি সংস্থার কাজসংক্রান্ত বিল পাসের জন্য ১.২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এক সিনিয়র সেকশন অফিসার, এক অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এবং কলকাতার ওই সংস্থার এক কর্মীকে গ্রেফতার করেছে সিবিআই।
- ভিলইয়ের ঘটনা: দক্ষিণ পূর্ব মধ্য রেলের এক ‘সিনিয়র ডিএমই’ ২ লক্ষ টাকার বদলে ১ লক্ষ টাকায় রফা করে ৫০ হাজার টাকার প্রথম কিস্তি নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন। পরে তাঁর বাসভবনে তল্লাশি চালিয়ে নগদ ৭৭ লক্ষ টাকা এবং ১৪ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করা হয়।
ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন। তিনটি মামলাতেই সিবিআইয়ের তল্লাশি ও তদন্ত প্রক্রিয়া এখনও জারি রয়েছে।
