রেশনের নিয়মে বিরাট পরিবর্তন! এবার টোকেন দেখালেই মিলবে বিনামূল্যে চাল-গম – এবেলা

এবেলা ডেস্কঃ
রেশন ব্যবস্থায় দুর্নীতি রুখতে এবং প্রক্রিয়াটি আরও স্বচ্ছ করতে বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র ও রাজ্য সরকার। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের শহর অঞ্চলের দুটি প্রধান জেলায় ডিজিটাল কারেন্সি মোডের মাধ্যমে রেশন বণ্টনের পাইলট প্রোজেক্ট শুরু হতে চলেছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার উপভোক্তাদের জন্য এই আধুনিক ব্যবস্থা কার্যকর করা হবে। এর ফলে চিরাচরিত ই-পস মেশিনের ব্যবহার বন্ধ করে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে রেশন সামগ্রী দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নতুন এই নিয়ম অনুযায়ী, উপভোক্তাদের রেজিস্টার্ড মোবাইলে একটি বিশেষ ডিজিটাল টোকেন পাঠানো হবে। রেশন দোকানে গিয়ে সেই টোকেন স্ক্যান করলেই বিনামূল্যে চাল ও গম তুলে নিতে পারবেন গ্রাহকরা। তবে এই পরিষেবা পেতে হলে স্মার্টফোন ব্যবহারের পাশাপাশি আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের সংযোগ বাধ্যতামূলক করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, এই পদক্ষেপের ফলে রেশন বণ্টনে অনিয়ম রোধ করার পাশাপাশি প্রশাসনিক খরচও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
