শমীকের ‘টাক’ কটাক্ষে অনুপম খেরের টিপ্পনি আর ভাইরাল ভিডিওর পাল্টা জওয়াবে হাসির রোল নেটপাড়ায়

বাংলায় তৃণমূল কংগ্রেসের ক্ষমতাচ্যুতি নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের একটি পুরনো মন্তব্যের ভিডিও এখন নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। সেই ভিডিওতে শমীকবাবু রাজ্যের শাসকদলের প্রত্যাবর্তন আসাম্ভব বোঝাতে গিয়ে বলিউডের অভিনেতা অনুপম খেরের টেকো মাথার উদাহরণ টেনে এনেছিলেন। এবার সেই ভাইরাল ভিডিওর প্রেক্ষিতেই শমীক ভট্টাচার্যকে এক মজার জবাব দিলেন অভিনেতা অনুপম খের।
কী বলেছিলেন শমীক?
ভোটের আগে এক সাক্ষাৎকারে তৃণমূলের ক্ষমতা ফেরার সম্ভাবনা উড়িয়ে দিতে গিয়ে শমীক ভট্টাচার্য বলেছিলেন, “অনুপম খেরের টাক মাথাতেও চুল গজিয়ে উঠতে পারে—কিন্তু বাংলায় তৃণমূল আর ফিরবে না।” ২০২৬-এর বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর দেখা গিয়েছে শমীকের সেই ভবিষ্যদ্বাণী আক্ষরিক অর্থেই মিলে গিয়েছে। রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি।
অনুপম খেরের রসিকতা
শমীকের সেই পুরনো ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করে মজার ছলে অভিনেতা অনুপম খের লিখেছেন, “দাদা, আমি আপনার কোন ক্ষতিটা করেছি? আপনি সত্যি চান যে আমার টাকে চুল গজাক? কিন্তু আমি তো নিজেই সেটা চাই না। জয় শ্রী রাম!” অভিনেতার এই কৌতুকপূর্ণ জবাব মুহূর্তের মধ্যে সাধারণ মানুষের নজর কেড়েছে। রাজনীতি আর বিনোদন জগতের এই মেলবন্ধন এখন সমাজমাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দু।
রাজনৈতিক মহলের মতে, শমীক ভট্টাচার্য যে আত্মবিশ্বাসের সঙ্গে মমতার বিদায়ঘণ্টা বাজিয়েছিলেন, সেই মেটাফর বা রূপক হিসেবে অনুপম খেরের টাককে ব্যবহার করা হয়েছিল। এখন জয়ের পর সেই ভিডিওটি যেমন বিজেপির সাফল্যের উদযাপন হিসেবে কাজ করছে, তেমনই অনুপম খেরের রসিকতা তাতে এক আলাদা মাত্রা যোগ করেছে।
প্রতিবেদক বর্তমান ঠাকুর।
