শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এবার গলির মোড়ে পুলিশের বাইক বাহিনী!

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। শনিবার রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কমিশন সাফ জানিয়েছে, যাদের নামে জামিন অযোগ্য পরোয়ানার (ওয়ারেন্ট) রয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। এই দায়িত্ব সরাসরি সংশ্লিষ্ট থানার ওসি-দের ওপর ন্যস্ত করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে পুলিশকে বলপ্রয়োগের স্বাধীনতাও দেওয়া হয়েছে। কোনো দাগি অপরাধী যাতে মুক্ত অবস্থায় এলাকায় প্রভাব বিস্তার করতে না পারে, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভোটের দিন সরু গলি বা ঘিঞ্জি এলাকায় দ্রুত পৌঁছানোর সুবিধার্থে এবার ‘মোটরবাইক বাহিনী’ ব্যবহারেরও নির্দেশ দিয়েছে কমিশন। বিশেষ করে যেসব স্পর্শকাতর বুথে বড় গাড়ি প্রবেশ করা আসাম্ভব, সেখানে গোলমাল শুরু হওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নিতে প্রতিটি থানাকে বাইক বাহিনী প্রস্তুত রাখতে বলা হয়েছে। প্রয়োজনীয় মোটরসাইকেলের অভাব থাকলে তা তালিকাভুক্ত করে কমিশনকে জানালে তারাই সেই যানের ব্যবস্থা করবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বুথ স্তরে নিশ্ছিদ্র নজরদারি বজায় রাখাই প্রশাসনের প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে।
