শিবপুরের সাধারণ ব্যবসায়ী আসলে বড় চক্রের মূলহোতা! নেপাল সীমান্তে ধৃত আফগান যুবকের চাঞ্চল্যকর পরিচয় ফাঁস – এবেলা

এবেলা ডেস্কঃ
রবিবার নেপাল সীমান্ত থেকে ভুয়ো পরিচয়পত্র ও নথি সহ গ্রেপ্তার হয়েছেন আবদুল্লা খান নামের এক আফগান যুবক। হাওড়ার শিবপুরের ঘিঞ্জি এলাকার একটি আবাসনে কাপড়ের ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে জাল নথি ও ভারতীয় পরিচয়পত্র তৈরির অবৈধ কারবার চালিয়ে আসছিলেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতেই অবস্থান করায় তাঁর বিরুদ্ধে পূর্বে লুক আউট নোটিশ জারি করা হয়েছিল। তদন্তে জানা গিয়েছে, ঘটনার দিন তিনি ভারতীয় বন্ধু শঙ্কর বণিককে সঙ্গে নিয়ে নেপাল হয়ে থাইল্যান্ডে পালানোর পরিকল্পনা করছিলেন।
জলট্যাঙ্কি অভিবাসন দপ্তরে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের সময় নথিপত্র যাচাইকালে ধরা পড়ার পর খড়িবাড়ি থানা এবং কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থার যৌথ ম্যারাথন জেরায় তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ভুয়ো আধার ও ভোটার কার্ডসহ বিভিন্ন ব্যাংকের নথি উদ্ধার করা হয়েছে। আবদুল্লার বাবা অতীতে ওই এলাকায় বসবাস করলেও ২০১৮ সাল থেকে তিনি নিজেই সেখানে অবস্থান করছিলেন। বর্তমানে এই ঘটনায় জালিয়াতি, প্রতারণা এবং ফরেনার্স অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা রুজু করে যৌথ তদন্ত শুরু করেছে প্রশাসন।
