সংকট রুখতে বন্দে ভারতে অনুপম খের, প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয় আবেদনে সাড়া অভিনেতার – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তেলের বাজারে তীব্র মন্দার ছায়া নেমে এসেছে। এই পরিস্থিতির কারণে ভারতের আকাশেও নতুন করে দেখা দিয়েছে জ্বালানি সংকটের আশঙ্কা। এই উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে এবং দেশবাসীকে পেট্রোল-ডিজেল ব্যবহারে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংকট মোকাবিলায় সপ্তাহে দু’দিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা দূরবর্তী কর্মদিবসের ওপর জোর দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আরোপের কথা বলেছেন প্রধানমন্ত্রী। এমনকি দৃষ্টান্ত স্থাপন করতে স্বয়ং প্রধানমন্ত্রীসহ বিজেপির শীর্ষ নেতৃত্বরা নিজেদের কনভয়ে গাড়ির সংখ্যা এক ধাক্কায় বেশ খানিকটা কমিয়ে এনেছেন। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী আবেদনে সাড়া দিয়ে সম্পূর্ণ ব্যতিক্রমী ছবি দেখালেন টিনসেল টাউনের প্রবীণ অভিনেতা অনুপম খের।
আমজনতার সামনে অনন্য নজির
এই চরম সংকটের মুখে টিনসেল টাউনের আর পাঁচজন তারকা যখন নিজেদের বিলাসবহুল ‘জায়েন্ট কনভয়’ নিয়ে ঘুরে বেড়াতে ব্যস্ত, ঠিক তখনই নিজের দামি গাড়ি গ্যারেজে রেখে গণপরিবহন তথা ভারতীয় রেলকে বেছে নিলেন অনুপম খের। ট্রেনে চেপেই সারলেন দূরপাল্লার সফর। গেরুয়া শিবিরের প্রতি আনুগত্য এবং নিজেকে ‘গর্বিত হিন্দু’ হিসেবে পরিচয় দেওয়া প্রবীণ এই অভিনেতা এবার সংকটের দিনে আমজনতার সামনে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী অভ্যেস গড়ে তোলার অনন্য নজির রাখলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে জয়পুর থেকে দিল্লিগামী ‘বন্দে ভারত এক্সপ্রেস’-এর কামরায় বসে দেশবাসীকে মোদিজির জ্বালানি সাশ্রয় মিশনে শামিল হওয়ার অনুরোধ জানান তিনি।
অর্থনীতিতে বড় অবদানের বার্তা
ভিডিও বার্তায় গাড়ি ভাগাভাগি করে চড়া বা ‘কারপুলিং’ এর ওপর জোর দিয়ে অনুপম খের জানান, গন্তব্য কাছাকাছি হলে ব্যক্তিগত গাড়ি বের না করাই শ্রেয়। দৈনন্দিন জীবনে এই সামান্য পরিবর্তনগুলো এনেই দেশের অর্থনীতিতে বড় অবদান রাখা সম্ভব। আমজনতার উদ্দেশ্যে অভিনেতার স্পষ্ট বার্তা, দেশের সেবা করার দায়িত্ব শুধু সীমান্তে লড়াই করা সৈনিকদের নয়, বরং প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মধ্যেই দেশের সেবা লুকিয়ে থাকে। সক্রিয় রাজনীতিতে পা না রেখেও শুধুমাত্র একজন সচেতন নাগরিক হয়ে কীভাবে দেশের সম্পদ হয়ে ওঠা যায়, বন্দে ভারতের এই সফরের মধ্য দিয়ে নিজের সেই আদর্শকেই বাস্তবে রূপ দিলেন এই অভিনেতা।
