সতর্কবার্তা, আগামী ৩ দিন রাজ্যজুড়ে কালবৈশাখীর দাপট!

পশ্চিমবঙ্গজুড়ে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকার সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। এর ফলে আজ ও আগামীকালসহ আগামী তিন দিন রাজ্যজুড়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ১৬ ও ১৭ এপ্রিল হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে আজ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও হুগলিতে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে এবং অন্যান্য জেলায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। ১৮ ও ১৯ এপ্রিল আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ২০ থেকে ২২ এপ্রিল দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলায় ১৬ ও ১৭ এপ্রিল বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঝড়ের গতিবেগ ৪০-৫০ কিমি হতে পারে। ১৮ এপ্রিল পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। তবে আগামী দুই দিনে রাজ্যজুড়ে সামগ্রিক তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
