সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! পরকীয়ার বলি ৩৯ বছরের গৃহবধূ – এবেলা

এবেলা ডেস্কঃ
পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় মুর্শিদাবাদের ভরতপুর থানার সৈয়দকুলুট গ্রামে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন গৃহবধূ। মৃতার নাম নূরবানু বিবি, বয়স ৩৯ বছর। শুক্রবার গভীর রাতে এই নৃশংস ঘটনাটি ঘটার পর পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দশ বছর আগে ফিরোজ শেখের সঙ্গে নূরবানুর বিয়ে হয়েছিল এবং এই দম্পতির চারটি সন্তান রয়েছে। বিয়ের বেশ কিছুদিন পর থেকেই পাশের গ্রামের এক যুবতীর সঙ্গে ফিরোজের অবৈধ পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে সংসারে প্রায় প্রতিদিনই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত।
শুক্রবার রাতে পরকীয়ার প্রতিবাদ করায় স্বামী-স্ত্রীর মধ্যে চরম বচসা শুরু হয়। অভিযোগ, এরপর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে প্রেমিকাকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আসে অভিযুক্ত ফিরোজ। নিজের অবুঝ সন্তানদের সামনেই স্ত্রীকে নির্মমভাবে মারধর করার পর চিলেকোঠার সঙ্গে ঝুলিয়ে দেয় সে। শিশুদের আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং ভরতপুর থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নূরবানুকে উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে এবং পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
