সরকারি জমিতে অবৈধ ইদগাহ, ইমামবাড়া গুঁড়িয়ে দিল যোগীর বুলডোজার!
অবৈধ দখলমুক্ত করতে উত্তরপ্রদেশের সম্ভলে বুলডোজার অভিযান
উত্তরপ্রদেশের সম্ভলে সরকারি গোচারণভূমির প্রায় ৭ বিঘা জমি দখলমুক্ত করতে বৃহস্প্রতিবার বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। সকাল থেকে দুপুর পর্যন্ত টানা সাড়ে ছয় ঘণ্টা ধরে চলা এই অভিযানে ৪টি বুলডোজার ব্যবহার করে সেখানে গড়ে ওঠা ইদগাহ ও ইমামবাড়া গুঁড়িয়ে দেওয়া হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে ৫টি থানার পুলিশ ও বিশেষ নিরাপত্তারক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছিল। সরকারি তথ্য অনুযায়ী, দখলমুক্ত হওয়া এই জমিটির বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।
প্রশাসনের দেওয়া তথ্যমতে, ১২ বছর আগে এই সরকারি জমিতে অবৈধভাবে ওই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে গত ৩১ জানুয়ারি আদালতের পক্ষ থেকে নোটিশ জারি করা হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ জমির সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এরপরই জেলা প্রশাসন উচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সম্ভলের জেলাশাসক রাজেন্দ্র পানসিয়া জানিয়েছেন, উচ্ছেদ অভিযানে ব্যবহৃত বুলডোজারের সমস্ত খরচও অভিযুক্তদের কাছ থেকে আদায় করা হবে। সরকারি জমি দখলমুক্ত করার বিষয়ে প্রশাসন তাদের নীতিতে অনড় রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
