সিন্ডিকেটের দিন শেষ, বড়জোড়ায় হুঙ্কার মোদীর!

বাঁকুড়ার বড়জোড়ার নির্বাচনী জনসভা থেকে রাজ্য সরকারের কড়া সমালোচনা করে পরিবর্তনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেন, রাজ্যে সিন্ডিকেট রাজ চলার কারণে শিল্পের বিস্তার থমকে গিয়েছে এবং সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে স্থানীয় আলুচাষিদের দুর্দশার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তৃণমূল কংগ্রেসকে নিশানা করে দাবি করেন, এই অচলাবস্থা কাটাতে রাজ্যে রাজনৈতিক পরিবর্তন অনিবার্য।
নিজেদের শাসনকাল এলে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং সময়মতো ভাতা প্রদানের ‘মোদীর গ্যারান্টি’ দেন প্রধানমন্ত্রী। সিন্ডিকেট ব্যবস্থার অবসান ঘটিয়ে শিল্পবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এছাড়া রাজ্যের আইন-শৃঙ্খলা ও অনুপ্রবেশের ইস্যু নিয়ে সরব হয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করেন যে, বর্তমান শাসকদল অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে সংবিধানের অবমাননা করছে। তিনি সাধারণ মানুষের কাছে এই পরিস্থিতির বিচারের আহ্বান জানান।
