সিপিএম ঘনিষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে থানায় অভিযোগ যুবতীর – এবেলা
এবেলা ডেস্কঃ
February 27, 202610:06 am
নিউজ ডেস্ক
কলকাতার আইনি মহলে শোরগোল। সিপিএম ঘনিষ্ঠ এক প্রভাবশালী আইনজীবীর বিরুদ্ধে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ তুললেন তাঁরই এক মহিলা জুনিয়র। এই ঘটনায় মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী যুবতীর দাবি, গত আগস্ট মাসে তিনি ওই আইনজীবীর চেম্বারে যোগ দিয়েছিলেন। অভিযোগ, কাজে যোগ দেওয়ার পর থেকেই ওই প্রবীণ আইনজীবী তাঁকে বিভিন্নভাবে হেনস্থা করতে শুরু করেন। কর্মক্ষেত্রে পেশাদারিত্বের সীমা ছাড়িয়ে ওই ব্যক্তি যুবতীর ব্যক্তিগত জীবন নিয়ে অত্যন্ত কুরুচিকর ও অযাচিত মন্তব্য করতেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মানসিকভাবে বিপর্যস্ত ওই তরুণী শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। হেয়ার স্ট্রিট থানায় জমা দেওয়া অভিযোগপত্রে তিনি অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার এবং দ্রুত মামলা রুজু করার আর্জি জানিয়েছেন। বামপন্থী শিবিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ওই আইনজীবীর বিরুদ্ধে ওঠা এই অভিযোগে বর্তমানে চাঞ্চল্য ছড়িয়েছে আদালত চত্বরে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

