সোনার বাজারে ফের রেকর্ড দামের ছ্যাঁকা! কলকাতায় একলাফে কত বাড়ল হলুদ ধাতু ও রুপো? – এবেলা

সোনার বাজারে ফের রেকর্ড দামের ছ্যাঁকা! কলকাতায় একলাফে কত বাড়ল হলুদ ধাতু ও রুপো? – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতায় হু হু করে বাড়ছে সোনা ও রুপোর দাম। টানা নয় দিন ধরে ঊর্ধ্বমুখী থাকার পর মঙ্গলবার ফের বড় ধরনের দাম বৃদ্ধি ঘটল মহার্ঘ এই ধাতুগুলির। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্টেন্টস অ্যান্ড জুয়েলারি অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, এদিন একলাফে প্রায় ১১০০ টাকা দাম বেড়েছে সোনার। ফলে কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা, যা সোমবার ছিল ১ লক্ষ ৫১ হাজার ৪০০ টাকা। অন্যদিকে, গহনা তৈরির জন্য বহুল ব্যবহৃত ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৭০০ টাকা। এই নতুন দর বুধবার দুপুর পর্যন্ত কার্যকর থাকবে।

সোনার পাশাপাশি এক ধাক্কায় চড়েছে রুপোর পারদও। সোমবার প্রতি কেজি রুপোর দাম ২ লক্ষ ৩৪ হাজার ২০০ টাকা থাকলেও, মঙ্গলবার তা বেড়ে হয়েছে ২ লক্ষ ৩৫ হাজার ১৫০ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে প্রতি কেজি রুপোয় ৯৫০ টাকা বেশি খরচ করতে হচ্ছে ক্রেতাদের। উল্লেখ্য, অ্যাসোসিয়েশনের নির্ধারিত এই দামের সঙ্গে ক্রেতাদের অতিরিক্ত হিসেবে জিএসটি, টিসিএস এবং মেকিং চার্জ প্রদান করতে হবে। সপ্তাহের এই লাগাতার মূল্যবৃদ্ধির ফলে সাধারণ ক্রেতাদের পকেটে যে চাপ আরও বাড়ল, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *