সোমবার থেকেই রাজ্যে কড়া গুন্ডাদমন আইন! অপরাধীদের দ্রুত শাস্তির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর – এবেলা
July 11, 2026

এবেলা ডেস্কঃ
আগামী সোমবার থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে চলেছে কঠোর গুন্ডাদমন আইন। শুক্রবার মুর্শিদাবাদে গিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় আনা নতুন দু’টি বিলে ইতিমধ্যেই স্বাক্ষর করেছেন রাজ্যপাল আর এন রবি। স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে গেজেট বিজ্ঞপ্তি জারি করে সোমবারই এই জোড়া আইন বলবৎ করা হচ্ছে।
নতুন আইন পাসের পর সমাজবিরোধীদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, বাস বা ট্রেন জ্বালানো এবং পুলিশকে আক্রমণের মতো ঘটনা রাজ্যে আর বরদাস্ত করা হবে না। এই আইনের আওতায় সমস্ত মামলার দ্রুত বিচার হবে। সামশেরগঞ্জ, বেলডাঙা বা শক্তিপুরের মতো অশান্তির পুনরাবৃত্তি ঘটলে প্রশাসন যে চরম পদক্ষেপ নেবে, সেই হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
