স্কুলে ঢুকে শিক্ষককে বেল্ট দিয়ে মারধর! গোপালনগরে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে উত্তাল রাজপথ – এবেলা

এবেলা ডেস্কঃ
বনগাঁর গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে একাদশ শ্রেণির রেজিস্ট্রেশনের কাজ চলাকালীন তুলকালাম কাণ্ড ঘটে যায়। ছাত্রদের শাসন করায় স্কুলে ঢুকে বহিরাগতদের সঙ্গে নিয়ে বাংলার শিক্ষককে বেল্ট দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে এক ছাত্রের বাবার বিরুদ্ধে। সেই হামলা ঠেকাতে গিয়ে আক্রান্ত হন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও। এই চাঞ্চল্যকর ও নক্কারজনক ঘটনার পরই শোরগোল পড়ে যায়। পুলিশ দ্রুত পদক্ষেপ করে সোমবার রাতেই মূল অভিযুক্ত দেবব্রত দাসকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।
এদিকে ধৃতের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবিতে মঙ্গলবার সকাল থেকেই পথে নামে ক্ষুব্ধ পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকরা। একটি সুসজ্জিত প্রতিবাদ মিছিল থেকে সোমবারের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমরেশ চন্দ্র মণ্ডল এই ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক বলে অভিহিত করেছেন। অবিলম্বে দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরাও। এই শিক্ষক প্রহারের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম অসন্তোষ ও প্রতিবাদের ঝড় উঠেছে।
