স্বাধীনতা দিবসেই অরুণাচলে প্রকৃতির তাণ্ডব! সেনা ক্যাম্প ভেসে নিখোঁজ জওয়ানরা, প্রাণ হারালেন অনেকেই – এবেলা

স্বাধীনতা দিবসেই অরুণাচলে প্রকৃতির তাণ্ডব! সেনা ক্যাম্প ভেসে নিখোঁজ জওয়ানরা, প্রাণ হারালেন অনেকেই – এবেলা

এবেলা ডেস্কঃ

স্বাধীনতা দিবসের উৎসবা আবহেই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে অরুণাচল প্রদেশ। মুষলধারে বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন অংশে দেখা দিয়েছে বিপর্যয়কর বন্যা ও ভয়াবহ ভূমিধস, যার ফলে ১০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে। আপার সুবানসিরি এলাকার কেওজারিং-বায়াচিং সড়কে আচমকা ধস নেমে মাটি চাপা পড়ে চারজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। অন্যদিকে, দিবং উপত্যকার পাসু জল সেনা শিবিরে হড়পা বানের আঘাতে দুটি সেনা ছাউনি সম্পূর্ণ ভেসে যায়। প্রাথমিক বিপর্যয়ের পর দুই জওয়ানকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও অন্তত পাঁচজন সেনা জওয়ান নিখোঁজ রয়েছেন।

বিপর্যয়ের পরপরই নিখোঁজ সেনা জওয়ান ও দুর্গতদের উদ্ধারে জোরকদমে তল্লাশি অভিযান শুরু হয়েছে। সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আইটিবিপি-র ৫৮ ব্যাটালিয়ন, জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সের ৬২ আরসিসি, রাজ্য পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকেরা নিরলস কাজ করে যাচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজ্য জুড়ে মারাত্মক পরিকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ২৩৫টি সড়ক, ৪০টি সেতু, ৭৫টি কালভার্ট, ৩৭৩টি জল সরবরাহ লাইন, ৮২৩টি বিদ্যুতের খুঁটি এবং ১২২টি সরকারি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সতর্ক নজর রাখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *