হরমুজ প্রণালী খুলতে ডোনাল্ড ট্রাম্পের সামনে কঠিন শর্তের পাহাড় জমাল ইরান! – এবেলা

এবেলা ডেস্কঃ
হামলা-পালটা হামলায় অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত করতে ওয়াশিংটনের কাছে একগুচ্ছ কঠোর শর্ত পেশ করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব তথা ইসলামিক রেভল্যুশনারি গার্ডের কমান্ডার মহম্মদ বাঘের জোলঘাদর প্রকাশিত এক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকা যতক্ষণ না তাদের নীতি সংশোধন করছে, ততক্ষণ এই জলপথ বন্ধই থাকবে। তেহরানের প্রধান শর্তগুলির মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে অবিলম্বে মার্কিন সামরিক অভিযান ও সমস্ত ধরনের আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ করা, ইরানের বন্দরগুলির উপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করা এবং তেহরানের উপর থেকে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়া।
পাশাপাশি, ইরানের বাজেয়াপ্ত করা সমস্ত সম্পদ মুক্ত করা এবং ক্ষতিগ্রস্ত দেশটিকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তোলা হয়েছে। তবে ওয়াশিংটন এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। আন্তর্জাতিক ভূরাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই শর্তগুলির মাধ্যমে বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান এই জলপথের ওপর নিজস্ব নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় করতে চাইছে ইরান। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যের গতিপ্রকৃতি নির্ধারণকারী এই জটিল পরিস্থিতিতে মার্কিন প্রশাসন শেষ পর্যন্ত তেহরানের এই শর্ত মেনে নেয় কি না।
