হরিয়ানার গায়ক অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টার: পুলিশের গুলিতে নিকেশ ২ সন্দেহভাজন শুটার – এবেলা

এবেলা ডেস্কঃ
হরিয়ানার জনপ্রিয় গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান হত্যাকাণ্ডে এক বড়সড় সাফল্য পেল উত্তরপ্রদেশ পুলিশ। সোমবার ভোররাতে শামলি জেলায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই সন্দেহভাজন শুটারের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত দুষ্কৃতীদের নাম সুমিত এবং মোহিত। তারা বিতর্কিত ‘গোগী গ্যাং’-এর সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে অনুমান।
ঘটনার সূত্রপাত গত বুধবার। শামলির একটি জিম থেকে বেরোনোর সময় অঙ্কিত বালিয়ানকে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে একটি সোশ্যাল মিডিয়া বার্তার মাধ্যমে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে গোগী গ্যাং।
ঘটনার পর থেকেই অভিযুক্তদের সন্ধানে এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। রবিবার রাত থেকে শামলির সমস্ত প্রবেশ ও প্রস্থান পথে শুরু হয় কড়া নাকা চেকিং। সোমবার ভোর ৪টে নাগাদ একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামানোর চেষ্টা করলে আরোহীরা আচমকাই পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। দুষ্কৃতীদের গুলিতে ভেঙে যায় পুলিশের গাড়ির উইন্ডস্ক্রিন।
পুলিশ আধিকারিক নরেন্দ্রপ্রতাপ সিং জানান, ব্যারিকেড ভেঙে বাইক ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চারপাশ থেকে ঘিরে ফেলে পুলিশের একাধিক টিম। পুলিশকে লক্ষ্য করে ফের অন্ধাধুন গুলি চালাতে শুরু করে দুই দুষ্কৃতী, যার ফলে গুরুতর জখম হন পুলিশের দুই কনস্টেবল। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে দুই যুবক।
আহত দুষ্কৃতীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, অঙ্কিত বালিয়ান খুনের মাস্টারমাইন্ডদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান এখনো জারি রয়েছে। এই ঘটনার পেছনে আরও অন্তত দুজন জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
