গ্র্যান্ড ক্যানিয়নে বিধ্বংসী হড়পা বান: নিখোঁজ অন্তত ২০, হেলিকপ্টারে উদ্ধার ৬২ পর্যটক – এবেলা

গ্র্যান্ড ক্যানিয়নে বিধ্বংসী হড়পা বান: নিখোঁজ অন্তত ২০, হেলিকপ্টারে উদ্ধার ৬২ পর্যটক – এবেলা

এবেলা ডেস্কঃ

নেপালের প্রাকৃতিক বিপর্যয়ের পর এ বার আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যের বিখ্যাত ‘গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক’-এ আছড়ে পড়ল ভয়াবহ হড়পা বান। অল্প সময়ের অতি ভারী বৃষ্টির জেরে হঠাৎই ফুলে-ফেঁপে ওঠে ব্রাইট অ্যাঙ্গেল ক্রিক নদী। প্রবল জলের স্রোত ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন ও ফ্যান্টম র‍্যাঞ্চ এলাকা ভাসিয়ে নিয়ে যায়। বান ও ধসে গুঁড়িয়ে গিয়েছে নদীর ওপর থাকা ফুটব্রিজ, ভাসাল ধাতব কাঠামো ও গাছপালা। এই ঘটনায় অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন এবং হেলিকপ্টার ও বিশেষ উদ্ধারকারী দলের সাহায্যে ৬২ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

ন্যাশনাল পার্ক সার্ভিস ও স্থানীয় আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার দুপুর আড়াইটে নাগাদ মাত্র ৩০ মিনিটে প্রায় ১ থেকে ২.৫ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। পাহাড়ি ও খাড়া ভূপ্রকৃতির কারণে বৃষ্টির জল মাটিতে শোষিত হওয়ার আগেই নদীর দিকে ধাবিত হয় এবং আকস্মিক বানের রূপ নেয়। প্রবল বেগে কাদা, বালি ও বোল্ডার পাথর কলোরাডো নদীতে গিয়ে পড়ায় আপাতত নদীপথে রিভার রাফটিং সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বহু পর্যটক সেখানে হাইকিং, ক্যাম্পিং ও রাফটিং করছিলেন। হঠাৎ জলপ্রপাতের মতো কাদা-জল ও ধস নেমে আসায় অনেকে বিপদে পড়েন। ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ড, নর্থ কাইবাব ট্রেলের একাংশ এবং ফ্যান্টম র‍্যাঞ্চ অন্যতম। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এই এলাকাগুলিতে প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর না মিললেও ২০ জন নিখোঁজ পর্যটকের সন্ধানে তল্লাশি জোরকদমে চলছে। তবে আবহাওয়া দপ্তর থেকে পুনরায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুর্গম ও পাহাড়ি এলাকায় ফের ধস ও হড়পা বানের ঝুঁকির মধ্যেই সতর্কতার সাথে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *